খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে ঢুকে দোকান মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফকে (৩৩) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে তাঁর ডান পায়ের উরুতে আঘাত লেগেছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা এক ব্যক্তি ফার্মেসির সামনে এসে অবস্থান নেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে আরেকজন সেখানে আসে। এ সময় বোরকা পরা ওই ব্যক্তি অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে গুলি ছোড়েন। পরে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার পর ফার্মেসির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় জারিফকে বের করা হয়। প্রত্যক্ষদর্শী রিকশাচালক ওয়াসিক হোসেন তাঁকে প্রথমে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ফার্মেসির সামনে গুলি করে পালিয়ে যায়। গুলিটি ফার্মেসির মালিক এবিএম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামানের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, ফার্মেসিটিতে নিয়মিত পুলিশ পাহারা থাকে। ঘটনার সময় পুলিশ সদস্যরা কিছুটা দূরে থাকতে পারেন। ঘটনার পর ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
এর আগে, গত ২৮ অক্টোবর নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির মালিকের কাছে ২০ লাখ টাকা নগদ এবং ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম—এমন অভিযোগ ওঠে। চাঁদার দাবিতে হুমকির পর নিরাপত্তাহীনতায় গত ২৮ অক্টোবর রাত থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ রাখেন মালিক।
এ পরিস্থিতিতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেয়। পরে পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাতে পুলিশি পাহারায় ফার্মেসিটি পুনরায় চালু করা হয়। তবে চালুর ১৩ দিনের মাথায় আবারও হামলার শিকার হলো প্রতিষ্ঠানটি।
গুলি করার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য ছিলেন না বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। ঘটনার পর আতঙ্কে আশপাশের এলাকা ফাঁকা হয়ে যায় এবং ফার্মেসিটি আবার বন্ধ করে দেওয়া হয়।
চাঁদা দাবির অভিযোগের পরও পুলিশি নিরাপত্তার মধ্যে কীভাবে এ হামলার ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
এসএস/আরএন