ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম
X

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বোর্ডবাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন আয়োজকেরা।

বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা শ্রমিকদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। তাঁরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে নতুন করে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে।

তাঁরা আরও বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে দেশের পোশাকশিল্প সচল রয়েছে। অথচ কিছু কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতির মুখে পড়ছেন।

শিল্পকারখানায় ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রেখে দেশের পোশাকশিল্পকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝