ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোলটেবিলে নয়, ঐক্য গড়তে হবে রাজপথে: নাসীরুদ্দীন পাটওয়ারী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম
X

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে হলে গোলটেবিল বৈঠকের পরিবর্তে রাজপথে একসঙ্গে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। কীসের ভিত্তিতে এই ঐক্যের আহ্বান, তা আমরা জানি না। তবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে। অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঐক্য করতে হলে তা গোলটেবিলে নয়, হতে হবে রাজপথে।’

ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে শান্তি বজায় থাকলে ভারতেও শান্তি থাকবে। এ দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে আসার যে দুঃসাহস দেখাচ্ছেন, আমরা খুনি হাসিনাকে বলতে চাই, আপনি আসবেন? আপনাকে আমরা ভারতে ঢুকে ধরে এনে ফাঁসিতে ঝোলাব।’

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘গত আট মাসে দেখেছি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পিরিত হয়েছিল। এখন সেই পিরিত কোথায় গেল? আমরা আগেই বলেছিলাম, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবেন না। করেছেন, এখন গর্তে পড়েছেন।’

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণহত্যার রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

এর আগে বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার। এ সময় এনসিপির গাজীপুর মহানগর ও জেলা শাখার নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস/এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝