ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশের ৯ জেলায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:১১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বার্ষিক মেরামত, সংরক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য আজ শনিবার (২৮ নভেম্বর) দেশের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঝিনাইদহের মহেশপুরে ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে থাকা গাছপালার শাখা-প্রশাখাও কাটা হবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

রাজশাহীর বিবিবি-কাশিয়াডাঙ্গা ও নেসকোর আওতাধীন বিভিন্ন এলাকায় ৩৩ কেভি লাইনের পাশে গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য তিন ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিয়াপুর থেকে কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি লাইনের আওতাধীন মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে দারুশা ও সিলিন্দা ফিডার সিটিহাট ৩৩/১১ কেভি উপকেন্দ্র থেকে চালু থাকবে।

এ ছাড়া সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হড়গ্রাম থেকে কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি লাইনের আওতাধীন এলাকায় এবং দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাতক্ষীরায় বাঁকাল ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

এ সময় ইটাগাছা, বাঁকাল, খড়ির বিল, বাটকে খালী, রইচপুর, কুকরালী, পারুচক্রালী, দোহাখুলা, মিয়া সাহেবের ডাঙ্গী, ঘুডেঁর ডাঙ্গী, রামচন্দ্রপুর, সুলতানপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেটে দক্ষিণ সুরমা গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং ৩৩ কেভি গোটাটিকর লাইনের পাশে গাছপালা কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর আওতাধীন শ্রীরামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ইন্ডাস্ট্রি, বিসিক, চান্দাই, শিববাড়ী বাজার ও কদমতলী ফিডারে এ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিসিক, কদমতলী, গোটাটিকর, আলমপুর, সোনারগাঁও আবাসিক এলাকা, পালপুর, শিববাড়ী বাজার, ফকিরপাড়া, পৈত্যপাড়া, জৈনপুর, পাঠানপাড়া, হুমায়ুন রশিদ চত্বর, ঝালোপাড়া, ভার্থখলা, খোজারখলা ও টেকনিক্যাল রোডসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির ৪ নম্বর ফিডারের আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের পাশে গাছপালা কাটার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রাম-১ ও রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে নরসিংদীর শিলমান্দী ও বিসিক ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় শিলমান্দী ও বিসিক উপকেন্দ্রের আওতাধীন শিলমান্দী, শিবপুর, দাশপাড়া ও চিনিশপুর ১১ কেভি ফিডার এবং বিসিক এলাকার পুটিয়া, বৈশাখী, মদিনা ও সৈয়দনগর লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাইন সচল আছে বিবেচনা করে সতর্ক থাকার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষগুলো।
এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝