দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে দৃঢ় মনোবল ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও ভূমিকা রাখে। এ জন্য নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
এসএস