ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম
X

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে (৬০)।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবেরুনী মীর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৯ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. হাবিবুর রহমান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় যান মামলার বাদী, একজন প্রবাসী ব্যবসায়ী। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।

অভিযোগ রয়েছে, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মাইক কেড়ে নেওয়া হয়।

এ ঘটনায় উপস্থিত মুসল্লিরা বাধা দেওয়ার চেষ্টা করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

মামলার রিমান্ড আবেদনে বলা হয়, মুফতি রুহুল আমিনের নির্দেশে মামলার দুই নম্বর আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া অন্য আসামিদের মারধরে বাদীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযোগ অনুযায়ী, এক আসামি তার পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান।

ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দেওয়ার কারণেও তিনি আলোচনায় এসেছিলেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝