বিরোধী দল দমন-পীড়নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান- এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও তাঁর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপকর্ম করেছেন। সাক্ষীদের জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। তাঁর সহযোগী কমান্ডার সোহেল নিজের অনুগত কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে নৌকায় করে চরদুয়ানীসহ বিভিন্ন অভিযানে যেতেন। পরে ওই সাংবাদিকেরা নিজেদের ভাষ্যমতো সংবাদ প্রচার করতেন এবং প্রকৃত ঘটনা গোপন করতেন।
আমিনুল ইসলাম বলেন, তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির ও মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সাক্ষীদের বক্তব্যেও জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে।
হত্যার অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে পাওয়া তথ্য অনুযায়ী, জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার তথ্য পাওয়া গেছে। তবে তাঁদের মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এত অপকর্মের পরও বারবার পদোন্নতি পেয়েছেন জিয়াউল আহসান। তিনি মেজর জেনারেল হয়েছেন। সেনাবাহিনীতে না ফিরে দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন-পীড়নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, তৎকালীন সেনাপ্রধানও সাক্ষ্যে জানিয়েছেন, জিয়াউল আহসান তাঁর নিয়ন্ত্রণে ছিলেন না। বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন তিনি। এ ছাড়া তিনি ‘ডিপ টেস্ট’-এর অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, জিয়াউল আহসানের মামলার মধ্য দিয়েই গুমের ঘটনায় বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এই প্রথম যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ, কারণ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এসব বিষয়ে জানতেন। এ কারণে তাঁদের কয়েকজনকে আসামির পরিবর্তে সাক্ষী করা হয়েছে। অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় রয়েছে।
-টিএস