সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে উঠে এসেছে শিকড়ছেঁড়া মানুষের জীবনসংগ্রাম, পারিবারিক টানাপোড়েন ও ভাষা আন্দোলনের ইতিহাস।
সেলিনা হোসেনের কালজয়ী উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত হয়েছে একই নামের চলচ্চিত্র। ১৯৪৭ সালের দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, শিকড়ছেঁড়া মানুষের জীবনসংগ্রাম এবং ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত ছবিটি গত ২০ নভেম্বর দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ।
চলচ্চিত্রের গল্পে উঠে এসেছে দেশভাগের সময় ভারতের বহরমপুরে সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হওয়া আয়ুর্বেদিক চিকিৎসক সোহরাব আলী ও তাঁর পরিবারের জীবনসংগ্রাম। প্রাণ বাঁচিয়ে ঢাকায় এসে নতুন করে জীবন শুরু করার কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। পরিবারের সদস্যদের ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক বাস্তবতার পাশাপাশি গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে ভাষা আন্দোলন।
উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র জাফর। সাংস্কৃতিক ও ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে বাঙালির শিকড়, আত্মপরিচয় ও অস্তিত্বের প্রশ্নটি উঠে এসেছে। অন্যদিকে পরিবারের বড় ছেলে মারুফের আত্মকেন্দ্রিক জীবনদর্শন গল্পে তৈরি করেছে ভিন্ন মাত্রা। পারিবারিক টানাপোড়েন ও বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার এই মেলবন্ধন চলচ্চিত্রটির অন্যতম বৈশিষ্ট্য।
১৯৭৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে রচিত উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৮১ সালে। পরবর্তী সময়ে পুনর্লিখন ও সম্প্রসারণের মধ্য দিয়ে এর পরিসর আরও বিস্তৃত হয়। ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে রচিত উপন্যাসটিতে ধীরেন্দ্রনাথ দত্ত ও ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্বের উপস্থিতিও রয়েছে।
সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণ সব সময়ই চ্যালেঞ্জের। কারণ, পাঠকের কল্পনায় তৈরি হওয়া চরিত্র ও ঘটনার সঙ্গে পর্দার উপস্থাপনার মিল না থাকলে প্রত্যাশার ঘাটতি তৈরি হতে পারে। ‘যাপিত জীবন’-এর ক্ষেত্রে চ্যালেঞ্জটি আরও বড়। দেশভাগ থেকে ভাষা আন্দোলন পর্যন্ত বিস্তৃত সময়, রাজনৈতিক প্রেক্ষাপট এবং একটি পরিবারের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনকে চলচ্চিত্রের সীমিত সময়ে তুলে ধরতে হয়েছে নির্মাতাকে।
ছবিটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো নির্মাণশৈলী। চল্লিশ ও পঞ্চাশের দশকের পরিবেশ পর্দায় ফুটিয়ে তুলতে পোশাক, খাবারের থালা, ওষুধ তৈরির পদ্ধতি এবং দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এসব খুঁটিনাটি চলচ্চিত্রের সময়কাল ও পরিবেশকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। নির্মাতার গবেষণা, পরিকল্পনা ও নির্মাণের প্রতি নিষ্ঠার ছাপ দৃশ্যজুড়েই রয়েছে।
অভিনয়ের ক্ষেত্রেও ছবিটি পেয়েছে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়। পরিবারের কর্তা সোহরাব আলীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন এবং তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন রোকেয়া প্রাচী। দুজনের সংযত ও বিশ্বাসযোগ্য অভিনয় চলচ্চিত্রের আবেগঘন অংশগুলোকে আরও জীবন্ত করেছে। বড় পর্দায় এই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।
এ ছাড়া জাফর চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, আঞ্জুম চরিত্রে আশনা হাবিব ভাবনা, মারুফের চরিত্রে রওনক হাসান এবং তাঁর স্ত্রীর ভূমিকায় মৌসুমী হামিদ অভিনয় করেছেন। পাশাপাশি ডলি জহুর ও জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অন্য শিল্পীরাও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের মেয়ে আশনা হাবিব ভাবনার জন্যও ছবিটি বিশেষ অভিজ্ঞতা; বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রটির আবহসংগীত ও গানের ব্যবহারও গল্পের আবেগকে এগিয়ে নিতে সহায়তা করেছে। মমতাজের কণ্ঠে ‘নসিব যেথা নিয়া চলে আমি সেথা যাই’ গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। গল্পের অনিশ্চয়তা, বাস্তুচ্যুত মানুষের জীবন এবং নতুন করে পথচলার অনুভূতি গানটিতে ফুটে উঠেছে।
‘যাপিত জীবন’ বাংলা সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রয়াস। দেশভাগের বেদনা, বাস্তুচ্যুত মানুষের সংগ্রাম, পারিবারিক সম্পর্ক এবং ভাষার অধিকার প্রতিষ্ঠার ইতিহাসকে একসঙ্গে পর্দায় তুলে ধরার চেষ্টা ছবিটিকে আলাদা পরিচয় দিয়েছে। বিশেষ করে সময়কাল পুনর্নির্মাণে নির্মাতার যত্ন, আফজাল হোসেন ও রোকেয়া প্রাচীর অভিনয় এবং সংগীতের আবহ দর্শকের জন্য উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করেছে।
চলচ্চিত্রটি সম্পর্কে জানতে চাইলে পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘যাপিত জীবন’ নির্মাণের পেছনে আমার মূল উদ্দেশ্য ছিল দেশভাগের সময় মানুষের অসহায়ত্ব, শিকড়ছেঁড়া জীবনের সংগ্রাম এবং ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। সেলিনা হোসেনের মতো একজন প্রখ্যাত কথাসাহিত্যিকের উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দেওয়া নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ছিল। সেই সময়ের পরিবেশ, মানুষের জীবনযাপন ও ইতিহাসকে যথাসম্ভব বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক চলচ্চিত্রটি দেখার মধ্য দিয়ে আমাদের ইতিহাস ও শেকড় সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ পাবেন—এটাই আমার প্রত্যাশা।’
নাট্যনির্মাতা ও সাংস্কৃতিকর্মী হিসেবে পরিচিত হাবিবুল ইসলাম হাবিব । ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘বখাটে’ তার প্রথম চলচ্চিত্র। পরে নির্মাণ করেছেন ‘রাত্রির যাত্রী’ সিনেমা। দীর্ঘ নির্মাণ অভিজ্ঞতার ছাপ ‘যাপিত জীবন’-এও স্পষ্ট।