
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এর জের ধরে রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।