ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এক বছর পর ওয়ানডে দলে নাঈম, সাড়ে তিন বছর পর ফিরলেন ইয়াসির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে ওয়ানডে দল নতুন করে সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ ও ইয়াসির আলী চৌধুরী। জায়গা ফিরে পেয়েছেন জাকের আলী অনিকও। তবে প্রত্যাশা থাকলেও ঘোষিত দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের এই দলে রয়েছে একাধিক চমক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন নাঈমের। প্রায় এক বছর পর আবারও ৫০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের জার্সি পরার সুযোগ পাচ্ছেন তিনি। অন্যদিকে ইয়াসির আলীর প্রত্যাবর্তন আরও দীর্ঘ বিরতির পর। প্রায় সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন এই ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের সুবাদে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন দুজনই।

দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। চোটের কারণে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারলেও দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক হিসেবে ফিরছেন তিনি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং বিভাগে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী ও জাকের আলী।

তবে প্রত্যাবর্তনের আনন্দের বিপরীতে রয়েছে কয়েকজনের বাদ পড়ার হতাশা। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। চোটের কারণে জায়গা হয়নি হাসান মাহমুদের। বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে এবারের স্কোয়াডে নেই আলিস আল ইসলামও।

সবচেয়ে বেশি আলোচনায় অবশ্য নাহিদ রানার অনুপস্থিতি। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত নির্বাচকদের বিবেচনায় আসেননি এই গতিতারকা। ফলে তাঁর অপেক্ষা আরও বাড়ল। চোটের কারণে পেসার হাসান মাহমুদও থাকছেন না দক্ষিণ আফ্রিকা সফরে।

পেস আক্রমণে অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদকে নিয়ে সাজানো হয়েছে পেস বিভাগ। স্পিনে থাকছেন মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ৪ ডিসেম্বর গকেবেরহার সেন্ট জর্জেস পার্কে হবে দ্বিতীয় ম্যাচ। ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। তিনটি ম্যাচই দিবারাত্রির। বাংলাদেশ সময় প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

দক্ষিণ আফ্রিকা সিরিজের বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝