কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মানবপাচারের প্রস্তুতিকালে নারী, পুরুষ ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী একটি শিশু রয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকাযোগে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল।
এমন তথ্য পেয়ে যৌথবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে।
যৌথবাহিনীর দাবি, নৌকাযোগে সমুদ্রে পালিয়ে যাওয়ার সময় পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে পাচারকারীরা ঘটনাস্থলে ভুক্তভোগীদের ফেলে পালিয়ে যায়।
পরে অভিযান শেষে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া আটজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথবাহিনী জানিয়েছে, মানবপাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী রোববার রাতে মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএইচ সেলিম উল্লাহ/ এফএস