ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্কুল ফিডিং বন্ধ, জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু থাকা ‘স্কুল ফিডিং’ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে। প্রকল্পটি বন্ধ হওয়ার মাত্র তিন সপ্তাহের ব্যবধানে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। তাঁরা দ্রুত প্রকল্পটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

সম্প্রতি জলঢাকা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে। শিক্ষকরা বলছেন, স্কুল ফিডিং চালু থাকাকালে পুষ্টিকর খাবারের আকর্ষণে শিশুরা নিয়মিত বিদ্যালয়ে আসত। প্রকল্পটি বন্ধ হওয়ার পর অনেক শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। কোনো কোনো বিদ্যালয়ে উপস্থিতি কমেছে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ১৮ মাস ধরে প্রকল্পটি বাস্তবায়ন করে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং গ্রামীণ দরিদ্র নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করা হয়েছিল। গত ১১ নভেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়।

বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭০ জন। স্কুল ফিডিংয়ের আওতায় খাবার পেত ১৫৩ জন। গত ১৯ নভেম্বর বিদ্যালয়টিতে উপস্থিত ছিল ১০২ জন।

একই ইউনিয়নের কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৩৫ জন। সিংড়িয়া চাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৭ জনের মধ্যে উপস্থিতি ছিল ১৩০ জন। খামার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮ জনের মধ্যে উপস্থিত ছিল মাত্র ৫০ জন।

এ ছাড়া বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৯ জনের মধ্যে ১৪০ জন, উত্তর দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৩ জনের মধ্যে ২৪৫ জন এবং কাঁঠালি ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২৯ জনের মধ্যে ২৫০ জন উপস্থিত ছিল।

দক্ষিণ দেশিবাই রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৪ জনের মধ্যে ১৪০ জন, খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২ জনের মধ্যে ১৪৫ জন, দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৫ জনের মধ্যে ১২০ জন এবং কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৫ জনের মধ্যে ১৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৫ জন। অন্যান্য বিদ্যালয়েও একই ধরনের উপস্থিতি সংকটের কথা জানিয়েছেন শিক্ষকরা।

কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী রায় বসুনিয়া বলেন, স্কুল ফিডিং প্রকল্পের আওতায় পুষ্টিকর খাবার সরবরাহ করা হলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসত। অনেক অভিভাবক সন্তানদের নির্দিষ্ট সময়ের আগেই স্কুলে পৌঁছে দিতেন। কিন্তু প্রকল্পটি বন্ধ হওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রকল্পটি পুনরায় চালুর দাবি জানান।

দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিয়ার রহমান বলেন, স্কুল ফিডিং কর্মসূচির কারণে শিশুরা বিদ্যালয়মুখী হয়েছিল। বছর শেষে নতুন শ্রেণিতে ওঠার পর প্রকল্পটি বন্ধ হলে পরিস্থিতি সামাল দেওয়া কিছুটা সহজ হতো। কিন্তু এ সময়ে প্রকল্প বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রানী রায় বলেন, স্কুল ফিডিং চালু থাকলে শিক্ষার্থীরা নিজের আগ্রহেই বিদ্যালয়ে আসত। এখন প্রকল্প বন্ধ হওয়ায় শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসতে হচ্ছে। সরকারের কাছে প্রকল্পটি আবার চালুর দাবি জানান তিনি।

এ বিষয়ে নীলফামারী জেলা স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএসডিওর জেলা ব্যবস্থাপক সামসুল আলম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি গ্রামীণ দরিদ্র নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে পরীক্ষামূলকভাবে ১৮ মাসের জন্য প্রকল্পটি চালু করা হয়েছিল। গত ১১ নভেম্বর এর মেয়াদ শেষ হয়েছে।

তিনি আরও জানান, প্রকল্পের আওতায় জলঢাকা উপজেলার ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীর মধ্যে প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাদ্যসামগ্রী সরবরাহ করা হতো। এসব খাবার সরবরাহ করতেন উপজেলার ১৮১ জন নারী উদ্যোক্তা।

সামসুল আলমের ভাষ্য, প্রকল্পটি বাস্তবায়নের ফলে একদিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছিল, অন্যদিকে গ্রামীণ দরিদ্র নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সরকারের উদ্যোগে ইএসডিও প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে।

প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পর শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শিক্ষকরা বলছেন, শিশুদের বিদ্যালয়মুখী রাখতে এবং ঝরে পড়ার ঝুঁকি কমাতে স্কুল ফিডিং কর্মসূচি পুনরায় চালু করা প্রয়োজন।



   এমএইচএস /এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝