পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের এক আদেশে এ রদবদল করা হয়। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি হিসেবে গোলাম মোস্তফাকে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের পর থেকে বেড়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার স্যানালপাড়া, বৃশালিখা ও হাতিগাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সংঘর্ষের পর নতুন করে সহিংসতা এড়াতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এফএস