চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। সভায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ফ্যাসিবাদের বিষয়ে আমাদের কারও কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে এ দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ঘাপটি মেরে থাকার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। জাতির প্রয়োজনে আমরা এক জায়গায় হতে সময় লাগে না। দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, জেলা গণফোরামের সহসভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল এবং সাবেক যুগ্ম সদস্যসচিব সামিউর প্রধান।
বক্তারা বলেন, দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কে ছোট দল আর কে বড় দল—এমন বিভাজন না করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে একই অবস্থানে থাকতে হবে।
তারা ফ্যাসিবাদের বিষয়ে কোনো ধরনের আপস না করে সন্ত্রাস ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় চাঁদপুর জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এমআইজে / এফএস