ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শীতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এড়িয়ে চলুন ৮ অভ্যাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শীত এলেই বাড়তে থাকে সর্দি-কাশি, ফ্লু ও বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ। এ সময়ে শরীর সুস্থ রাখতে রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী রাখা জরুরি। তবে এজন্য শুধু ভিটামিন বা সাপ্লিমেন্টের ওপর নির্ভর করলেই হবে না। দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসেও আনতে হবে পরিবর্তন।

সম্প্রতি ইয়াহুতে প্রকাশিত এক স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে শীতকালে রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে আটটি অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


পর্যাপ্ত ঘুমের সঙ্গে আপস করা

রোগ প্রতিরোধব্যবস্থা সচল রাখতে ঘুমের গুরুত্ব অনেক। গবেষণায় দেখা গেছে, যারা রাতে ছয় ঘণ্টা বা তার কম ঘুমান, তাদের সর্দিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাত ঘণ্টার বেশি ঘুমানো ব্যক্তিদের তুলনায় প্রায় চার গুণ বেশি। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি।


সামাজিক যোগাযোগ কমিয়ে দেওয়া

শীতকালে অনেকেই ঘরবন্দি থাকতে পছন্দ করেন। তবে পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। সামাজিক সম্পর্ক মানসিক চাপ কমাতে এবং রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে ভূমিকা রাখতে পারে। তাই মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে দেখা করা কিংবা একসঙ্গে হাঁটতে বের হওয়া ভালো অভ্যাস।


মানসিক চাপ নিয়ন্ত্রণ না করা

দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। মানসিক চাপ কমাতে দিনের আলোয় কিছু সময় বাইরে কাটানো, শরীরচর্চা করা এবং বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলা উপকারী।


শরীরচর্চা বন্ধ রাখা

শীতের সকালে কিংবা সন্ধ্যায় ঠান্ডার কারণে অনেকেই ব্যায়াম এড়িয়ে চলেন। অথচ নিয়মিত পরিমিত শরীরচর্চা রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে পাঁচ দিন বা তার বেশি অ্যারোবিক ব্যায়াম করেন, তাদের সর্দির উপসর্গে ভোগার দিন তুলনামূলক কম।

প্রতিদিন দ্রুতগতিতে হাঁটা কিংবা হালকা ব্যায়াম দিয়েও শুরু করা যেতে পারে।


প্রকৃতির সংস্পর্শ এড়িয়ে চলা

দীর্ঘ সময় ঘরের মধ্যে থাকলে মানসিক চাপ বাড়তে পারে। তাই সুযোগ পেলেই পার্ক, বাগান কিংবা খোলা পরিবেশে কিছু সময় কাটানো উচিত। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির মধ্যে হাঁটাহাঁটি মানসিক চাপ কমাতে সহায়ক। এ ছাড়া প্রাথমিক কিছু গবেষণায় রোগ প্রতিরোধকোষের কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।


ভিটামিন ডি গ্রহণে অবহেলা করা

রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালে সূর্যের আলো কম পাওয়ায় শরীরে এ ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে। যুক্তরাজ্যের এনএইচএস শীতকালে দৈনিক ১০ মাইক্রোগ্রাম ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের বিষয়টি বিবেচনার পরামর্শ দেয়। তবে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।


পুষ্টিকর খাবারের পরিবর্তে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া

শীত ও উৎসবের সময়ে অনেকেই মিষ্টি, চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকে পড়েন। তবে শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে খাদ্যতালিকায় রঙিন ফলমূল, শাকসবজি, ডাল, বাদাম ও সামুদ্রিক মাছ রাখা উচিত। সুষম খাবার শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।


অতিরিক্ত মদ্যপান করা

অতিরিক্ত মদ্যপান রোগ প্রতিরোধব্যবস্থাকে দুর্বল করতে পারে। একই সঙ্গে ঘুমের স্বাভাবিক ছন্দেও ব্যাঘাত ঘটায়। ফলে শরীরের রোগ প্রতিরোধের সক্ষমতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সুস্থ থাকতে অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকা জরুরি।


বিশেষজ্ঞদের পরামর্শ

জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ইনসাইডআউটের প্রতিষ্ঠাতা লরা স্টেমব্রিজের মতে, শীতকালে সুস্থ থাকতে জটিল কোনো পদ্ধতির প্রয়োজন নেই। নিয়মিত ঘুম, সুষম খাবার, পরিমিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগ বজায় রাখার মতো সাধারণ অভ্যাসই শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে সহায়তা করতে পারে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝