ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুই বছরে সিরাজগঞ্জে ৫০ হাজার ছানি অপারেশনের উদ্যোগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ৬:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে আগামী দুই বছরের মধ্যে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, জেলায় প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন বা অন্ধ। এর মধ্যে অন্তত ২৬ হাজার মানুষের ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জকে ‘ছানিমুক্ত’ জেলা ঘোষণার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় চক্ষুশিবিরের মাধ্যমে বিনামূল্যে প্রায় দেড় হাজার মানুষকে সেবা দেওয়া হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে একটি ‘ছানিমুক্ত’ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে আগামী দুই বছরে সিরাজগঞ্জের প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে চক্ষুশিবির আয়োজন করা হবে। এসব শিবিরের মাধ্যমে অন্তত পাঁচ থেকে ছয় লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। তাঁদের মধ্যে তিন থেকে চার লাখ মানুষের কাছে প্রয়োজনীয় চশমা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসাসেবা নিয়ে যাচ্ছি, তখন ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাত।’

সিরাজগঞ্জ প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এপিএস আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহবুল উল কাদির, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নুরুল আমীন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝