কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলার পর টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়। এবার দানবাক্স থেকে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।
শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে। নগদ টাকার পাশাপাশি স্বর্ণালংকার পাওয়ার ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
মসজিদ সূত্রে জানা যায়, প্রায় চার মাস ২৪ দিন পর এবার দানবাক্সগুলো খোলা হয়েছে। এতে পাওয়া ৫১ বস্তা টাকা গণনার কাজ চলছে। শনিবার দুপুর পর্যন্ত গণনা করা টাকা থেকে ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে জমা পাঠানো হয়েছে।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হকসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ।
প্রতি দফায় পাগলা মসজিদের দানবাক্স খোলার সময় বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়। এবার রেকর্ড ৫১ বস্তা টাকা এবং স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরএন