ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, চালু ৮০ শতাংশ পোশাক কারখানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম
X

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। এদিন জেলায় প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা ছিল। তবে শ্রমিকদের কর্মবিরতির কারণে সাভার ও আশুলিয়ায় অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করছেন। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের অধিকাংশ কারখানাও খোলা রয়েছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক।

ভোগড়া এলাকার এক পোশাকশ্রমিক বলেন, ‘বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে।’

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন মনে করেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—এমন প্রত্যাশা নিয়ে শ্রমিকরা কাজে ফিরছেন। তাঁর ভাষ্য, শ্রমিকরা মনে করছেন, মজুরি বোর্ড তাদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা চালু রয়েছে।

অন্যদিকে গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতির কারণে কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ, শ্রমিক ও শ্রমিকনেতাদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে অধিকাংশ কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে।

সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে। একইভাবে আরও কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে সেগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা সকাল ৭টায় চালু হয়। শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ না নিয়ে বসে থাকেন। কর্মবিরতির মুখে পরে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এ অঞ্চলে ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এ ছাড়া সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে কর্তৃপক্ষ আরও ৫০টি কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝