ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবির সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছান। মোতায়েন করা পাঁচ প্লাটুনের মধ্যে তিন প্লাটুন ভাঙ্গা উপজেলায় এবং বাকি দুই প্লাটুন ফরিদপুর জেলা সদরে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভাঙ্গা উপজেলায় তিন প্লাটুন এবং ফরিদপুর সদরে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকাল থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবেন।
তিনি বলেন, সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন।
জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ মোতায়েন করা হয়েছে।