রাজশাহীর পবা উপজেলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও রাজশাহী নগরীর সুজাউদ্দৌলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মাঞ্জালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পবা উপজেলার বিএনপি নেতা শাজাহান আলীর মালিকানাধীন শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর চলাফেরার ওপর নজর রাখছিল পুলিশ। পরে মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সুজাউদ্দৌলা কলেজের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অন্তত এক কোটি টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান পুলিশের নজরদারিতে ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।