মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান আরিফ। এরপর তিনি নিখোঁজ হন। স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে খালের পাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা করেন তারা। ধারণা করা হচ্ছে, খালের পাড়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান তিনি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা অভিযান চালানোর পর সদর পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানান, দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং নিখোঁজ যুবকের জুতার অবস্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালান। সেখান থেকে প্রায় ৬০ ফুট দূরে পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ওই যুবকের নিখোঁজের খবর পাওয়া যায়। আজ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-টিএস/ হৃদয়