নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে পোশাকশ্রমিকদের স্বস্তি দিতে নারায়ণগঞ্জে সরকারের বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল পাচ্ছেন জেলার ৫ হাজার পোশাকশ্রমিক।
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদের চাল সংগ্রহ করতে দেখা যায়। জেলার ১০টি খোলা ট্রাকে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৫০ টন চাল বরাদ্দ রাখা হয়েছে।
কর্মসূচির নিয়ম অনুযায়ী, একজন পোশাকশ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বৃষ্টির মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছেন পোশাকশ্রমিকেরা। স্বল্পমূল্যে চাল পেয়ে তাঁরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে চালের পাশাপাশি ডাল, তেল, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।
শ্রমিকেরা জানান, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এমন পরিস্থিতিতে ৩০ টাকা কেজি দরে চাল পাওয়ায় পরিবারের খাদ্যব্যয় কিছুটা কমবে। তবে চালের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হলে তাঁদের আরও বেশি উপকার হতো।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার নারায়ণগঞ্জের ১০টি খোলা ট্রাকে মোট ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। আজ দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, একজন পোশাকশ্রমিক মাসে একবার ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
এফএস