২০১৭ সালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা সুলতান মুহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আকিব।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. ইসমাঈল জানান, গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় মোট ৯৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফএস