বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে পিরোজপুরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলাজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করায় নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বৃষ্টি ও দমকা হাওয়ায় নদীর পানি বাড়লে বাঁধ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন কয়েক হাজার মানুষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত পিরোজপুরে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
পিরোজপুর নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুল হক ‘গণমাধ্যমকে’কে বলেন, ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে অগ্রসর হয়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পিরোজপুরে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার পর্যন্ত দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত পানির উচ্চতা বাড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী ‘অবজারবার’কে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পিরোজপুরে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। তবে ঘূর্ণিঝড়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একটি দলও প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড়-সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তির জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।
ওই সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার সময় ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে এবং উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এসএ