নদীভাঙনের অব্যাহত থাবায় ক্রমেই বদলে যাচ্ছে পিরোজপুরের নদীতীরবর্তী এলাকার ভূচিত্র। কঁচা, বলেশ্বর, পানগুছি, সন্ধ্যা ও কালীগঙ্গা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, সড়ক ও সরকারি বিভিন্ন স্থাপনা। প্রতি বছর নদীর করাল গ্রাসে নিঃস্ব হচ্ছেন অসংখ্য মানুষ। হারাচ্ছেন শেষ আশ্রয়টুকুও। কেউ আশ্রয় নিচ্ছেন আশ্রয়ণ প্রকল্পে, আবার কেউ জীবিকার তাগিদে পাড়ি জমাচ্ছেন অন্য এলাকায়। যারা এখনো নদীতীরে বসবাস করছেন, তাঁদের দিন কাটছে ভাঙন আতঙ্কে।
পিরোজপুরের সাতটি উপজেলার অধিকাংশ এলাকাই নদীবেষ্টিত। দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার হলেও অনেক এলাকায় এখনো গড়ে ওঠেনি টেকসই প্রতিরোধব্যবস্থা। বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে ভেঙে পড়ছে বেড়িবাঁধ। নদীর পানি ঢুকে পড়ছে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক ও বিভিন্ন স্থাপনা।
ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক বছরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনে নদীতীরবর্তী কয়েক হাজার পরিবার সর্বস্ব হারিয়েছে। কোথাও বেড়িবাঁধ না থাকায়, আবার কোথাও পুরোনো বাঁধ ভাঙা অবস্থায় পড়ে থাকায় চরম ঝুঁকিতে রয়েছেন বাসিন্দারা। এ পরিস্থিতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সাইক্লোন সেন্টার স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।
জিয়ানগরের খোলপটুয়া গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি মো. মিজান খান বলেন, পাশের মোড়েলগঞ্জের সোলমবাইরা থেকে পথেরহাট হয়ে বলেশ্বর খাল দিয়ে জিয়ানগর পর্যন্ত এলাকার মানুষ ঠিকমতো বসবাস করতে পারছেন না। আগে সেখানে বেড়িবাঁধ ছিল, কিন্তু তা ভেঙে গেছে। যতবার বাঁধ নির্মাণ করা হয়, ততবারই ভেঙে যায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে ফসল নষ্ট হয়, ঘরবাড়িতে পানি ওঠে এবং জমি নদীতে বিলীন হয়ে যায়। তাই ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।
কলারন গ্রামের জেলে মো. রাজিব হাওলাদার বলেন, তাঁদের একটাই দাবি, এলাকার ভাঙা বেড়িবাঁধ দ্রুত ও টেকসইভাবে নির্মাণ করা হোক। এতে স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়াও সম্ভব হবে। এ জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
একই এলাকার উত্তর কলারন গ্রামের দিনমজুর ও জেলে মো. মাসুম খান জানান, সন্ন্যাসী খেয়াঘাট থেকে পথেরহাট পর্যন্ত বেড়িবাঁধের বড় অংশ বলেশ্বর নদীতে বিলীন হয়ে গেছে। কলারন ও গাজীরহাট বাজার এলাকায় নদীর তীব্র স্রোতের কারণে বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে লোকালয় প্লাবিত হওয়ার পাশাপাশি মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে।
তিনি বলেন, এলাকাবাসী মিলে বাঁধের কিছু অংশ মেরামত করলেও তা আবার ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বারবার এসে মাপজোখ করলেও কার্যকর কাজ হচ্ছে না। বিলের মধ্যে পানি ঢুকে ধানবীজসহ লাখ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে। এমনকি রান্নার চুলাও পানিতে তলিয়ে গেছে। ফলে ছোট ছেলেমেয়েদের নিয়ে রান্না করে খাওয়াও কঠিন হয়ে পড়েছে।
চণ্ডীপুর বাজারের ওষুধ ব্যবসায়ী ও পল্লিচিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, তাঁদের এলাকা মূলত বন্যাদুর্গত। পানির চাপে প্রতিবছরই বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি, গবাদিপশু ও গাছপালা নদীতে বিলীন হয়। কোনো কোনো বছর বন্যার তীব্রতা এত বেশি থাকে যে মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে তাঁদের।
তিনি আরও বলেন, চণ্ডীপুর, খোলপটুয়া, কলারন ও সন্ন্যাসী এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব এলাকা কঁচা ও পানগুছি নদীর সংযোগস্থল বা চৌমোহনায় অবস্থিত হওয়ায় পানির চাপ বেশি থাকে। এ অঞ্চলের মানুষের প্রধান দাবি, ব্লক দিয়ে সড়ক ও বেড়িবাঁধগুলো টেকসইভাবে নির্মাণ করা হোক, যাতে স্থায়ীভাবে ভোগান্তির অবসান ঘটে।
নদীভাঙন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালিউর রহমান রুবেল জানান, উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প রয়েছে। স্থানীয়দের কাছ থেকে ভাঙনের খবর বা আবেদন পাওয়া গেলে তা পানি উন্নয়ন বোর্ডের কাছে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীশাসনের মাধ্যমে পুরো উপজেলায় ধাপে ধাপে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।
পিরোজপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন জানান, জেলায় ছয়টি পোল্ডারের অধীনে মোট ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর কিছু অংশ বর্তমানে অরক্ষিত। কোনো স্থানে ভাঙন দেখা দিলে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতে জরুরি কাজ করা হয়। এ ছাড়া রাজস্ব খাতের আওতায়ও কিছু কাজ সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, জেলার সন্ধ্যা, বলেশ্বর ও কঁচা নদীর সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান রয়েছে। এ প্রক্রিয়া শেষ হলে ঝুঁকিপূর্ণ ভাঙনপ্রবণ এলাকাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে। এরপর সমীক্ষার ভিত্তিতে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে বোর্ডে পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে স্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
নদীভাঙন এখন পিরোজপুরের মানুষের কাছে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। প্রতিনিয়ত নদীতে বিলীন হচ্ছে মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকার অবলম্বন। তাই স্থায়ী নদীশাসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের অপেক্ষায় দিন গুনছেন নদীতীরবর্তী হাজারো মানুষ।
এফএস