২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনের মাটিতে আয়োজনের দাবি জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোজান। তাঁর মতে, ফাইনাল আয়োজনের জন্য প্রয়োজনীয় ধারণক্ষমতার স্টেডিয়াম পর্তুগালের নেই। অন্যদিকে, ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়ে ফাইনাল আয়োজনের প্রতিযোগিতায় রয়েছে মরক্কোও।
মাদ্রিদে মঙ্গলবার এক ব্যবসায়িক ফোরামে বক্তব্য দিতে গিয়ে লোজান বলেন, ২০৩০ বিশ্বকাপ ইউরোপীয় মহাদেশের আসর। তাই এটি স্পেন ও পর্তুগালেরও বিশ্বকাপ। তবে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে পর্তুগালকে বিবেচনায় রাখছেন না তিনি। তাঁর ভাষ্য, বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য অন্তত ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম প্রয়োজন। পর্তুগালে এ ধরনের স্টেডিয়াম না থাকায় দেশটি ফাইনাল আয়োজনের প্রতিযোগিতায় নেই।
অন্যদিকে, ফাইনাল আয়োজনের জন্য নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে মরক্কো। দেশটির বেনস্লিমানে নির্মাণের পরিকল্পনা রয়েছে কিং হাসান দ্বিতীয় স্টেডিয়াম। প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম নির্মিত হলে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল ভেন্যুতে পরিণত হবে। স্পেনের সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যু।
লোজান বলেন, ফাইনাল আয়োজনের জন্য স্পেন ছাড়া অন্য কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে অনিশ্চয়তা দূর করতে ফিফার সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
২০২৪ সালে জমা দেওয়া প্রাথমিক বিড নথিতে স্পেনের সম্ভাব্য ভেন্যু হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। মরক্কোর একটি ভেন্যুও ওই তালিকায় ছিল।
উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে টুর্নামেন্টের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা। ২০২৮ সালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
এসএস