লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ জুন ২০২৭ ঐতিহাসিক এই মাঠে নেপালের মুখোমুখি হবে টাইগাররা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ম্যাচটির আয়োজনের ঘোষণা দিয়েছে লর্ডসের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
এমসিসির ঘোষণা অনুযায়ী, একই দিনে লর্ডসে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে মাঠটির ইতিহাসে প্রথমবার একই দিনে পুরুষদের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ আয়োজন করা হবে। বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা যাতে সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে খেলার সময় নির্ধারণ করা হবে।
এর আগে আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৭ বছর পর ঐতিহাসিক এই মাঠে টেস্ট খেলতে ফিরবে টাইগাররা। ইংল্যান্ড সফরে নেপালের আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও আন্তর্জাতিক ম্যাচ খেলার সূচি রয়েছে।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেন, ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পরপরই নেপালের বিপক্ষে এই ম্যাচ আয়োজন করতে পেরে তারা আনন্দিত। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ দলকে আবার লর্ডসে স্বাগত জানাতে তারা অপেক্ষায় রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও ম্যাচটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর নেপালের বিপক্ষে এই টি-টোয়েন্টি ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ ম্যাচটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে লর্ডসে এটিই হবে নেপালের প্রথম ম্যাচ।
এসএস