ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশের নতুন উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:০৬ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ১:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা জোরদার এবং বিমান চলাচল খাতের নিরাপত্তা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) ৭ম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এসব বিষয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকগুলোতে বাংলাদেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় উঠে আসে।

আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে আইসিএওর সহযোগিতা চান মন্ত্রী। বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম জোরদার এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, বিমান চলাচল খাতের টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিমান চলাচলসংশ্লিষ্ট শিক্ষা, বিশেষায়িত একাডেমিক কার্যক্রম এবং পেশাগত প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।

তোশিউকি ওনুমা বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

১৩ বছরেরও বেশি সময় পর এ ধরনের বৈশ্বিক এয়ার ট্রান্সপোর্ট সম্মেলন আয়োজন করায় আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বিমানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন বাজার এবং এ খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। পরে তাকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান মন্ত্রী।

অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে কারিগরি সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী সরকারি পর্যায়ে (জিটুজি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের সহযোগিতায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানান।

এ ধরনের সহযোগিতা বিমান চলাচলের নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং বাংলাদেশের কারিগরি সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আইসিএওসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এসব উদ্যোগ বাংলাদেশের বিমান চলাচল খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে দেশের অবস্থান শক্তিশালী করতে সহায়ক হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝