ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৪:০৭ পিএম
X

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথভাবে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি গৃহীত হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে অবিলম্বে কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার থেকে ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। দীর্ঘায়িত এ সংকটের কারণে আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

রাষ্ট্রদূত গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের তাৎপর্য তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এ রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে। তাই এর স্থায়ী ও কার্যকর সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও সহিংসতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত এবং অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’-সহ রোহিঙ্গাদের জন্য জরুরি মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র নীতিগত কারণে এ বিষয়ে কারিগরি ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় মার্কিন প্রতিনিধিদল জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ আপত্তি থাকলেও মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপনের জন্য বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝