ক্যালেন্ডারের পাতায় ১৯ নভেম্বর। দিনটি এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার সব পোস্ট ও রসিকতায় মেতে ওঠেন অনেকে। কারণ, একই দিনে পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবস। দুটি দিবসের নাম পাশাপাশি শুনে হাস্যরস তৈরি হলেও এর পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন ইতিহাস, উদ্দেশ্য ও গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। কিন্তু প্রশ্ন হলো, দুই ভিন্নধর্মী দিবসের জন্য একই তারিখ কেন বেছে নেওয়া হলো?
পুরুষ দিবসের সূচনা যেভাবেআন্তর্জাতিক পুরুষ দিবসের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম টিলাকসিংহ দিবসটি পালনের উদ্যোগ নেন। নিজের বাবার জন্মদিন ১৯ নভেম্বরকে তিনি এ দিবসের জন্য বেছে নেন।
পুরুষের ইতিবাচক ভূমিকা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক দায়িত্ব এবং সমাজে তাঁদের অবদান তুলে ধরাই দিবসটির মূল উদ্দেশ্য। একই সঙ্গে পুরুষদের জীবনের নানা সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা তৈরিও এর অন্যতম লক্ষ্য।
বিশ্ব টয়লেট দিবসের পেছনের গল্পঅন্যদিকে, বিশ্ব টয়লেট দিবসের সঙ্গে জড়িয়ে আছে জনস্বাস্থ্য ও স্যানিটেশন সচেতনতার ইতিহাস। ২০০১ সালের ১৯ নভেম্বর সিঙ্গাপুরের সমাজসেবী জ্যাক সিম প্রতিষ্ঠা করেন ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের প্রয়োজনীয়তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সংস্থাটি দিনটিকে বিশ্ব টয়লেট দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়।
পরবর্তী সময়ে ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব টয়লেট দিবস হিসেবে স্বীকৃতি দেয়। নিরাপদ শৌচাগার, বিশুদ্ধ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা সবার জন্য নিশ্চিত করাই দিবসটির প্রধান লক্ষ্য।
একই দিনে কেন দুই দিবস?এখানেই রয়েছে কৌতূহলের বিষয়। আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবস একই দিনে পালিত হলেও দিবস দুটির মধ্যে কোনো প্রতিষ্ঠিত যোগসূত্র নেই। ১৯৯৯ সালে জেরোম টিলাকসিংহ পুরুষ দিবসের জন্য ১৯ নভেম্বর নির্ধারণ করেন। অন্যদিকে, ২০০১ সালে জ্যাক সিমের উদ্যোগে একই তারিখে বিশ্ব টয়লেট দিবসের সূচনা হয়।
অর্থাৎ, দুটি দিবসের উৎপত্তি হয়েছে সম্পূর্ণ আলাদা উদ্যোগ ও ভিন্ন সামাজিক লক্ষ্য থেকে। একই তারিখে পালিত হওয়ার বিষয়টি নিছক কাকতালীয়।
হাস্যরসের আড়ালে দুই দিবসের গুরুত্বপূর্ণ বার্তাবিশ্ব টয়লেট দিবস মনে করিয়ে দেয়, নিরাপদ শৌচাগার শুধু পরিচ্ছন্নতার বিষয় নয়; এটি মানুষের স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত। বিশেষ করে নারী, শিশু ও কিশোরীদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অন্যদিকে, আন্তর্জাতিক পুরুষ দিবস পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক দায়িত্ব, ইতিবাচক ভূমিকা এবং সমাজে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার কথা বলে।
তাই ১৯ নভেম্বরের দুই দিবস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যতই হাসি-ঠাট্টা হোক, দিনটির মূল বার্তা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একটি দিবস মানুষের স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন নিশ্চিত করার কথা বলে, অন্যটি পুরুষের সুস্থতা ও ইতিবাচক অবদানকে গুরুত্ব দেয়। উদ্দেশ্য আলাদা হলেও দুটির লক্ষ্যই একটি সচেতন ও সুস্থ সমাজ গড়ে তোলা।
-টিএস