ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করা। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) আরও সুনির্দিষ্ট, সমন্বিত ও ফলাফলভিত্তিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, পিইডিপি-৫-এর আওতায় নেওয়া কার্যক্রমগুলোর লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহি স্পষ্ট থাকতে হবে। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না করে সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এ ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতি কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি গুণগত মান, সমতা ও শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ পাঠদান পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রেমিডিয়াল এডুকেশন) এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তারা আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝