সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান টিপু (২৪) নামে ওই কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটক টিপু সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি পরীক্ষা করাতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই নারী। প্রথমে আল্ট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ডাকেন। পরে প্রস্রাবের নমুনা আনার কথা বলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলেন। ওই নারী কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর কাউকে কিছু না জানানোর জন্যও ওই নারীকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান তিনি। এরপর স্বামীর সহযোগিতায় সাতক্ষীরা সদর থানায় গিয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে অভিযুক্ত মাহমুদুল হাসান টিপুকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমজেডআর / এফএস