ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ক্রিকেট নাকি ফুটবল-কোন বিশ্বকাপে চোখ রাখবেন সমর্থকেরা?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:০৪ এএম
X

ক্রিকেট নাকি ফুটবল-কোন বিশ্বকাপের দিকে চোখ রাখবেন সমর্থকেরা? ২০৩০ সালের গ্রীষ্মে এমনই এক কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন ক্রিকেট ও ফুটবলপ্রেমীরা। একই সময়ে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্ব। ফলে দুই মহাযজ্ঞের রোমাঞ্চ উপভোগ করতে গিয়ে বিপাকে পড়তে পারেন কোটি কোটি সমর্থক।

২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত নতুন বৈশ্বিক সূচি অনুযায়ী ২০৩০ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি শুরু হবে ২০৩০ সালের ৪ জুলাই, শেষ হবে ৪ আগস্ট।

অন্যদিকে, ২০৩০ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। স্পেন, পর্তুগাল, মরক্কো ও দক্ষিণ আমেরিকার তিনটি দেশে বসবে ফুটবলের এই মহাযজ্ঞ। ফলে টানা ১৮ দিন একই সময়ে চলবে ক্রিকেট ও ফুটবলের দুই বিশ্বকাপ।

এতদিন ক্রিকেট ও ফুটবলের পুরুষদের বিশ্বকাপের সূচিতে এমন সংঘাত এড়িয়ে চলেছে দুই সংস্থা। ওয়ানডে বিশ্বকাপ চার বছর পরপর অনুষ্ঠিত হলেও ফিফা বিশ্বকাপের সঙ্গে এক বছর ব্যবধান রেখে আয়োজন করা হয়। আর যেসব বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপ একই বছরে হয়েছে, সেসব আসরও অনুষ্ঠিত হয়েছে বছরের প্রথম ভাগে। যেমন, ২০১০, ২০১৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই।

তবে ২০৩০ সালে সেই ধারায় ছেদ পড়তে যাচ্ছে। আইসিসির নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে। যদিও দুই সংস্থার পক্ষ থেকে এখনো বিস্তারিত ম্যাচসূচি প্রকাশ করা হয়নি।

আইসিসি কেন ৪ জুলাই টুর্নামেন্ট শুরুর তারিখ হিসেবে বেছে নিয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে উত্তর ইউরোপে গ্রীষ্মকালীন আবহাওয়ায় ক্রিকেট আয়োজনের সীমিত সময়, এপ্রিল-মে মাসে আইপিএলের সূচি এবং ইংল্যান্ডের আগস্টের ঐতিহ্যবাহী টেস্ট ও ঘরোয়া ক্রিকেট মৌসুম বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

২১ জুলাই ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর অবশ্য ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তি ফিরবে। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই সপ্তাহে ফুটবল বিশ্বকাপের সঙ্গে আর সূচির সংঘাত থাকবে না। ৪ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ক্রিকেটের এই মহাযজ্ঞের।

তবে তার আগে ১৮ দিনের জন্য বিশ্বকাপের দুই মঞ্চে চোখ রাখতে গিয়ে সমর্থকদের যে কঠিন সময় পার করতে হবে, তা বলাই যায়।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝