মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও ধর্মগুরুদের রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হলেও মসজিদের খতিবদের আপাতত এ সম্মানি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ধর্মমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, চলতি অর্থবছরে দেশের মোট কতটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হবে। একই সঙ্গে মসজিদের খতিবদের এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা আছে কি না।
জবাবে ধর্মমন্ত্রী বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারাদেশে বিদ্যমান ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেওয়া হবে।
তিনি বলেন, নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ সম্মানি পাওয়ার যোগ্য। তবে মসজিদের খতিবদের এ সম্মানির আওতাভুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত নেই।
টিআই