বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর পোস্তগোলায় নির্মাণাধীন পারমা আয়রন মার্কেট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এদিন সকাল সাড়ে ১১টায় পোস্তগোলার ১২১, করিমুল্লাবাগে অবস্থিত মার্কেটটির নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী।
পরিদর্শনকালে তিনি মার্কেটের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় নির্মাণকাজের গুণগত মান বজায় রাখা, পরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ট্রাস্টের যেসব সম্পত্তির অর্থনৈতিক সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি, সেগুলো আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে। এসব সম্পদকে আয়বর্ধক সম্পদে রূপান্তরের মাধ্যমে ট্রাস্টের আয় ও আর্থিক সক্ষমতা বাড়ানো এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।
পরিদর্শন শেষে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন পর্যায় সম্পর্কে খোঁজখবর নেন। প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন প্রায় চার একর জমিতে নির্মাণ করা হচ্ছে পারমা আয়রন মার্কেট। চারটি শেডে মোট ৬২টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি শেডের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি একটি শেডের কাজ চলছে।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্মসচিব মো. জেহাদ উদ্দিনসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস