শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপিদলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ড. ওসমান ফারুক। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ওসমান ফারুক। এ বিষয়ে তিনি সংসদ সচিবালয়কে চিঠির মাধ্যমে নিজের অবস্থান জানিয়েছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ড. ওসমান ফারুক।
এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যবিশিষ্ট একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
ওসমান ফারুকের পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হলো।
আরএন