গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেছেন, আল্লাহ ও রাসুল ছাড়া আর কোনো শক্তি নেই। যে শক্তির মাধ্যমে জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবদিন ফারুক বলেন, একটি নির্দিষ্ট জায়গায় বসে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এর প্রতিবাদেই সমমনা জোটের আজকের এই কর্মসূচি। দীর্ঘ ১৬ বছর ধরে মামলা-হামলা, অত্যাচার ও হত্যার শিকার হয়েও দেশে গণতান্ত্রিক ও স্থিতিশীল ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছি আমরা।
তিনি বলেন, ঠিক এমন একটি সময়ে ‘বাংলাদেশে আসি, আসব, আসার সম্ভাবনা আছে, আমি চলে আসব’—এ ধরনের মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষকে উসকানি দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে।
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারও রাজপথে নামার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গত ১৬ বছর যারা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, তাদের আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে। দুই-একটি পটকা ফুটিয়ে কিংবা অদৃশ্য কোনো শক্তির ইন্ধনে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হলে তা প্রতিহত করতে আমরা রাজপথে আছি। গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে প্রয়োজনে আবারও রাজপথে থাকব এবং ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াব।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে জয়নাল আবদিন ফারুক বলেন, বহুল আলোচিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নয় মাসে দেশকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছে। এসব উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, আপনারা যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব। কারণ, এই সরকার গুন্ডামি কিংবা নির্বাচনকেন্দ্র দখল করে ক্ষমতায় আসেনি।
-জেবি