ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যা ঘটনায় অভিযুক্ত সওদাগর মেহেদী হাসানের (৩১) মরদেহ নিতে হাসপাতালে আসেননি পরিবারের কোনো সদস্য।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল মরদেহটি। পরে সেটি ফ্রিজিং করে রাখা হয়।
মেহেদী হাসান নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই নিষিদ্ধঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয়দের দাবি, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।
জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন সুরুজ জামান (৩৫)। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাত করা হয়। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন মেহেদী হাসান।
পুলিশ জানায়, সুরুজ জামান হত্যার পর গভীর রাতে এলাকার লোকজন মেহেদীকে গণপিটুনি দেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার ভোর থেকে হাসপাতালের মর্গে রাখা হয় মেহেদীর মরদেহ। একই দিন বাদ জোহর সুরুজ জামানের মরদেহ দাফন করা হয়। তবে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে পরিবারের কোনো সদস্য হাসপাতালে আসেননি।
এদিকে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে এবং মরদেহ নিতে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারের কেউ মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশই মরদেহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পাশাপাশি দুটি হত্যার ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
এফএস