রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নামার চেষ্টা থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোথাও বড় ধরনের অবরোধ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত, ক্রাইম প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, মিরপুরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। সকাল থেকে কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ কিংবা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি।
তবে বিভিন্ন এলাকায় কিছু শ্রমিক সড়কে নামার চেষ্টা করেছেন। বিশেষ করে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে শ্রমিকদের জমায়েত হওয়ার চেষ্টা ছিল।
পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। ফলে সকাল থেকেই ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এফএস