ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উপাচার্য অবরুদ্ধের পর তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

উপাচার্যকে অবরুদ্ধ করা এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা আন্দোলন করছেন।

সোমবার দ্বিতীয় দিনের মতো উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিকেল ৩টার দিকে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন তারা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।

সোমবার রাত ৮টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে উপাচার্য অভিযোগ করেন, আন্দোলনকারীরা তাঁকে টানা ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না। ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’

আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সভা শেষে রাত পৌনে ১২টার দিকে পুলিশ প্রহরায় কার্যালয় থেকে বেরিয়ে যান উপাচার্য। পরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝