ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কঠিন শর্তে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্ত হচ্ছে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে তৈরি খসড়া নীতিমালার মূল শর্তগুলো অপরিবর্তিত রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ নীতিমালায় ভাষাগত কিছু সংশোধন আনা হবে। এরপর শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার উপস্থিতিতে আরেকটি সভা করে নীতিমালা চূড়ান্ত করা হবে।

নতুন নীতিমালায় জাতীয়করণের জন্য বেশকিছু কঠিন শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্তত দুই একর নিজস্ব জমি, নির্ধারিতসংখ্যক শিক্ষার্থী, পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল ও সমৃদ্ধ গ্রন্থাগার। এসব শর্ত পূরণ করলেই জাতীয়করণের জন্য বিবেচিত হতে পারবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া নীতিমালা নিয়ে আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, খসড়া নীতিমালায় বড় কোনো পরিবর্তন আসছে না। শুধু ভাষাগত কিছু বিষয় সংশোধন করা হবে। এরপর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনের উপস্থিতিতে আরেকটি সভা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদনের পর নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

জাতীয়করণে দুই একর জমি বাধ্যতামূলক

খসড়া নীতিমালা অনুযায়ী, জাতীয়করণের জন্য মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয় কিংবা কলেজের নিজস্ব মালিকানা ও দখলে খেলার মাঠসহ অন্তত দুই একর শর্তমুক্ত ও নিষ্কণ্টক জমি থাকতে হবে।

জনস্বার্থ, স্থানীয় প্রয়োজন, শিক্ষার উন্নয়ন এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় যে কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে সরকার। তবে জাতীয়করণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

শ্রেণিতে কত শিক্ষার্থী থাকতে হবে

উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণিতে অন্তত ৫৫ জন শিক্ষার্থী থাকতে হবে। জেলা সদর উপজেলায় এ সংখ্যা হবে ১২০ জন।

উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে মাধ্যমিকের প্রতি শ্রেণিতে অন্তত ৮০ জন এবং উচ্চমাধ্যমিকের প্রতি বিভাগে ১২০ জন শিক্ষার্থী থাকতে হবে। জেলা সদর উপজেলায় মাধ্যমিকের প্রতি শ্রেণিতে ১২০ জন এবং উচ্চমাধ্যমিকের প্রতি বিভাগে ২০০ জন শিক্ষার্থী থাকতে হবে।

স্নাতক পর্যায়ের কলেজের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে উচ্চমাধ্যমিকের প্রতি বিভাগে অন্তত ১২০ জন এবং স্নাতকের প্রতি বিভাগে ১৬০ জন শিক্ষার্থী থাকতে হবে। জেলা সদর উপজেলায় এ সংখ্যা যথাক্রমে ২০০ ও ২৮০ জন।

পাসের হারেও কঠোর শর্ত

শুধু শিক্ষার্থী সংখ্যা কিংবা জমি থাকলেই জাতীয়করণ করা হবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার ফলাফলও মূল্যায়ন করা হবে।

খসড়া অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে পাবলিক পরীক্ষায় সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত অন্তত ৯০ শতাংশ শিক্ষার্থীকে অংশ নিতে হবে। একই সঙ্গে পরীক্ষায় পাসের হার থাকতে হবে অন্তত ৯০ শতাংশ।

উচ্চমাধ্যমিক পর্যায়ে পাসের হার অন্তত ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) পর্যায়ে ৭০ শতাংশ হতে হবে। এ ক্ষেত্রে বিগত পাঁচ বছরের পাবলিক পরীক্ষার গড় ফলাফলও বিবেচনায় নেওয়া হবে।

গ্রন্থাগারে থাকতে হবে পাঁচ হাজার পর্যন্ত বই

জাতীয়করণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সমৃদ্ধ গ্রন্থাগার থাকার শর্তও রাখা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে অন্তত দুই হাজার বই থাকতে হবে। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তিন হাজার এবং কলেজে অন্তত পাঁচ হাজার বই থাকতে হবে।

পাশাপাশি বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য মানসম্মত ল্যাব সুবিধা থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সমাবেশ, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং, গার্লস গাইড, বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

জাতীয়করণে অগ্রাধিকার পাবে যেসব প্রতিষ্ঠান

খসড়া নীতিমালায় আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্গম, দারিদ্র্যপীড়িত ও শিক্ষার হার কম এমন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে চর, হাওড় ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার প্রতিষ্ঠানগুলো গুরুত্ব পাবে।

একই সঙ্গে পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী সংখ্যা ও পরীক্ষার ফলে এগিয়ে থাকা প্রতিষ্ঠান এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।

যেসব উপজেলায় সমপর্যায়ের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই, সেখানে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে উপজেলা সদরের কাছাকাছি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। আর যেখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্ব পাবে।

এছাড়া সহশিক্ষা চালু রয়েছে এমন প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। জাতীয়করণের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচলিত নীতিমালা অনুযায়ী কার্যকর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি থাকতে হবে।

তবে এসব শর্ত এখনো খসড়া পর্যায়ে রয়েছে। পরবর্তী সভায় নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই জাতীয়করণের আনুষ্ঠানিক শর্তগুলো নিশ্চিত হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝