আজ ১৭ নভেম্বর, আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার সমান সুযোগ প্রতিষ্ঠার প্রত্যয়ে দিবসটি পালিত হচ্ছে।
শিক্ষার্থীদের আত্মত্যাগ, অধিকার আদায়ের আন্দোলন এবং শিক্ষার স্বাধীনতা রক্ষার ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করতেই প্রতিবছর এ দিনটি পালন করা হয়।
১৯৩৯ সালের ১৭ নভেম্বর তৎকালীন নাৎসি বাহিনী চেকোস্লোভাকিয়ার প্রাগে শিক্ষার্থীদের আন্দোলন দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালায়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে হত্যা করা হয়, অসংখ্য শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে ১৯৪১ সালে ১৭ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস হিসেবে স্বীকৃতি পায়।
বাংলাদেশের প্রেক্ষাপটেও দিবসটির গুরুত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এ দেশের ইতিহাসে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকার আদায়, অন্যায়ের প্রতিবাদ এবং সামাজিক পরিবর্তনের সংগ্রামে শিক্ষার্থীরা বারবার অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তবে বর্তমান সময়ে শিক্ষার্থীদের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। শিক্ষার ব্যয় বৃদ্ধি, বেকারত্ব, সেশনজট, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতা, শিক্ষার মানের বৈষম্য এবং কর্মমুখী শিক্ষার অভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলছে।
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস কেবল উদ্যাপনের দিন নয়; বরং শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব নিয়ে নতুন করে ভাবার দিন। মানসম্মত, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ও যৌক্তিক দাবি আদায়ের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা এ দিবসের মূল বার্তা।
শিক্ষার্থীরাই একটি দেশের ভবিষ্যৎ। তাই তাদের স্বপ্ন, সম্ভাবনা ও অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে জ্ঞানভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ।
এফএস