কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো মিছিল করার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে গোপালগঞ্জে নাশকতার ঘটনায় জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই গ্রেফতার করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো মিছিল করার সুযোগ নেই।
ব্রিফিংয়ে ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী যাত্রা, সার্কাস, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের সরকারি পরিকল্পনার কথা জানান তিনি। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, এসব সাংস্কৃতিক আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাত্রা ও সার্কাসে জুয়া, অশ্লীলতা ও মাদকের মতো অবৈধ কর্মকাণ্ড যাতে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। কেউ এসব আয়োজনে বাধা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
যাত্রা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে অশ্লীলতা, জুয়া কিংবা মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি বলেন, যাত্রা ও সার্কাস বাংলাদেশের সংস্কৃতির অংশ। সরকার এসব আয়োজন পুনরুজ্জীবিত করতে চায়। তবে সুস্থ ও শালীন পরিবেশ বজায় রাখতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তৌহিদী জনতার নামে সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অন্যায় কিছু না ঘটলে এবং সরকার কোনো আয়োজনকে অন্যায় মনে না করলে তা বন্ধ করতে দেওয়া হবে না। যারা বিভিন্ন পরিচয় ব্যবহার করে এসব আয়োজনে বাধা দিতে আসবে, সরকার তাদের প্রতিহত করবে।
এদিকে সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তির বিষয়ে তিনি জানান, আগামী বছর ৫ হাজারের বেশি মুসল্লি হজে যাওয়ার সুযোগ পাবেন।