দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার রুবেল (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম তালুকদার রুবেল ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। তখন থেকে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন রফিকুল। তবে তিনি নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে গিয়ে খাবার খেতেন।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশে এবং বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির দরজার সামনে ফিরে এসে ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন / এফএস