ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিয়ের দাওয়াত খেয়ে ১ জনের মৃত্যু, অসুস্থ নবদম্পতিসহ অর্ধশতাধিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:২৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে নবদম্পতিসহ ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

অসুস্থদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন।

অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থা ছিল। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পরপরই অনেকের পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে দুই পক্ষের অনেক অতিথি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ও ভাগলপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, অনুষ্ঠানে খাবার খেয়ে দুই পক্ষের অনেক অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামী শেখ স্বাধীন এবং তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ঠিকমতো রান্না করা হয়নি। ওই খাবার খেয়ে তিনি ও তার পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

একই গ্রামের রুবেল মিয়া জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতে একে একে তাদের হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ কয়েকজনকে ভাগলপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ মানুষের সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস বলেন, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া অনেকে অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন বলে তারা জানতে পেরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট থাকায় রোগীদের হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝