ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৃষ্টির মধ্যেই বেঁচে আছেন হুমায়ূন আহমেদ, জন্মদিনে নুহাশ পল্লীতে স্মৃতির মেলা
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কোনো লেখক তাঁর সৃষ্টির মধ্য দিয়ে কতটা দীর্ঘ সময় মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারেন, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন আহমেদ। তাঁর লেখা উপন্যাসের চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প কিংবা গানের সুর—সবকিছুতেই রয়েছে স্বতন্ত্র এক জগৎ। তাই মৃত্যুর ১৪ বছর পরও তাঁর জন্মদিনে প্রিয় লেখককে স্মরণ করতে ছুটে আসছেন নানা বয়সী মানুষ।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলা সাহিত্যের জনপ্রিয় এই কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতার ৭৮তম জন্মদিন। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে তৈরি হয় ভিন্ন আবহ। সকাল থেকেই সেখানে সমবেত হন পাঠক, লেখক ও ভক্তরা। ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি চলে গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণা।

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত নুহাশ পল্লী হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত প্রিয় আবাসস্থল। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক। জন্মদিনে তাঁর সমাধির পাশে দাঁড়িয়ে কেউ স্মরণ করেন প্রিয় বইয়ের কথা, কেউ ফিরে যান তাঁর সৃষ্ট নাটক ও চলচ্চিত্রের স্মৃতিতে। হিমু পরিবহনের সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ভক্ত শারমিন আক্তার বলেন, ‘হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো আজও আমাদের ভালো লাগে। তাঁর জন্মদিনে স্মৃতিগুলো ধরে রাখতে নুহাশ পল্লীতে এসেছি। তিনি এখানে বসেই বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন।’
পাঠক শাহিনুরের ভাষায়, ‘আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্মৃতিগুলো এখানে এখনো দৃশ্যমান। তাঁর অনেক বই পড়ার সুযোগ হয়েছে আমার। তাঁর স্মৃতি ধরে রেখেই বাংলা সাহিত্য যুগ যুগ বেঁচে থাকবে।’

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘এই জায়গাটি একজন অসাধারণ সাহিত্যিকের সমাধিস্থল। একে সাহিত্যিকের স্মৃতিজাদুঘরও বলা যায়। স্যার মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের হৃদয়ে তাঁর অবস্থান নুহাশ পল্লীতে আসা দর্শনার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে প্রতীয়মান হয়। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে অনেক মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। নুহাশ পল্লীকে ঘিরে দর্শনার্থীদের প্রত্যাশাও অনেক। আমরা চেষ্টা করি এখানে আসা পাঠক ও লেখকদের সেই প্রত্যাশা পূরণ করতে।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে নানাবাড়িতে জন্ম হুমায়ূন আহমেদের। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ গৃহিণী। বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে তাঁর শিক্ষাজীবন কাটে। বগুড়া জিলা স্কুল ও ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা করে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি লাভ করেন। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ তাঁকে বাংলা সাহিত্যে পরিচিত করে তোলে। এরপর একের পর এক উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে গড়ে তোলেন নিজস্ব পাঠক ও দর্শকগোষ্ঠী। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র যেন কেবল বইয়ের পাতার চরিত্র নয়, পাঠকের কল্পনার জগতে জীবন্ত হয়ে থাকা কিছু নাম। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। পরে গাজীপুরের নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।

ক্যালেন্ডারের পাতায় প্রতিবছর ফিরে আসে তাঁর জন্মদিন। সেই সঙ্গে নুহাশ পল্লীতে বাড়ে মানুষের আনাগোনা। নতুন প্রজন্মের পাঠকও খুঁজে নেয় তাঁর লেখা বই, নাটক ও চলচ্চিত্র। শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও সৃষ্টির মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ যে এখনো সমানভাবে প্রাসঙ্গিক, জন্মদিনে নুহাশ পল্লীর মানুষের এই সমাগম যেন তারই সাক্ষ্য বহন করে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝