হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমছে তাপমাত্রা আর জেঁকে বসতে শুরু করেছে শীত। গত দুই দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
সকালে এলাকায় ঘন কুয়াশা দেখা না গেলেও ভোরে হালকা কুয়াশার উপস্থিতি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে রোদ ওঠার পরও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি কমেনি। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে বড় ব্যবধান থাকায় দিনে কিছুটা গরম এবং ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবদুল আওয়াল বলেন, সকালে ঘন কুয়াশা ছিল না, তবে হালকা কুয়াশা পড়েছিল। সকালেই সূর্যের দেখা মিলেছে; কিন্তু রোদ ওঠার পরও হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে ঠান্ডার অনুভূতি আরও বেশি ছিল।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত দুই দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।
এসএ