পিরোজপুরের নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোলাম সারোয়ার (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (১৩ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
গ্রেফতার গোলাম সারোয়ার উপজেলার ২ নম্বর সোহাগদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের বরছাকাঠী গ্রামের মৃত হাবিব গোমস্তার ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গোলাম সারোয়ার এজাহারভুক্ত ২০ নম্বর পলাতক আসামি। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বরছাকাঠী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এদিকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি দলটির নেতাকর্মীদের অর্থের জোগানদাতা হিসেবেও পরিচিত ছিলেন গোলাম সারোয়ার। ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানিসহ তাঁর বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে বলে দাবি তাঁদের। তাঁদের ভাষ্য, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা গোলাম সারোয়ার সম্প্রতি বাড়িতে ফিরে বিভিন্ন ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্বজনরা। তাঁদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ডিবি পুলিশের অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
এফএস