মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৩টা ৪ মিনিটের দিকে উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই দুই আরোহী। পথে ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩ নম্বরের মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মোঃ হামিদুল ইসলাম লিংকন / এফএস