বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী চক্র থেকে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে যুক্ত করে প্রতিযোগিতাটি সম্প্রসারণের প্রস্তাব থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আসন্ন বোর্ড সভায় এ নিয়ে তীব্র বিতর্কের আশঙ্কা রয়েছে।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডব্লিউটিসি চক্রেও বর্তমানের মতো নয়টি দল নিয়ে প্রতিযোগিতা চালু রাখার সম্ভাবনাই বেশি। তবে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করে ১০ দলের প্রতিযোগিতা আয়োজনের একটি সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
বর্তমানে ডব্লিউটিসির চতুর্থ চক্র চলছে। দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতার কাঠামো পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। একসময় দুই স্তরের টেস্ট লিগ চালুর প্রস্তাবও সামনে এসেছিল। তবে গত এক বছরে ১২টি পূর্ণ সদস্য দেশকে নিয়ে একক লিগ আয়োজনের পরিকল্পনা গুরুত্ব পায়। সম্প্রতি সেই পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ডব্লিউটিসি সম্প্রসারণের বিষয়ে আপত্তি জানিয়েছে। তাদের আশঙ্কা, দল বাড়লে বিদেশ সফরের সংখ্যা বাড়বে এবং নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সময়সূচিতে চাপ তৈরি হবে।
তবে ইংল্যান্ড জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে ডব্লিউটিসির বাইরে এক ম্যাচের টেস্ট আয়োজনের বিষয়ে আগ্রহী। আফগানিস্তানের ক্ষেত্রে দেশটির তালেবান সরকারের নারী ও মেয়েদের অধিকারবিষয়ক নীতির কারণে আপত্তি রয়েছে ইসিবির।
এদিকে ডব্লিউটিসিতে জায়গা পাওয়ার ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেটের আগ্রহ রয়েছে। ২০২৫ সালে জিম্বাবুয়ে ১০টি টেস্ট খেললেও ২০২৬ সালে খেলেছে মাত্র দুটি। প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হলে দলটির টেস্ট খেলার সুযোগ বাড়তে পারে। অন্যদিকে আর্থিক সংকটের কারণে আয়ারল্যান্ডের টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের আগ্রহ নিয়েও প্রশ্ন রয়েছে।
নতুন এফটিপি নিয়ে আলোচনা
আইসিসির আসন্ন সভায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফরসূচি বা ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমান সূচি আগামী বছরের মার্চে শেষ হবে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালে ইংল্যান্ডের জিম্বাবুয়ে সফরের পরিকল্পনা রয়েছে। সফরে অন্তত একটি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত হতে পারে। ২০০৪ সালের পর জিম্বাবুয়ের মাটিতে দুই দলের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি।
এ ছাড়া ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। আগামী এফটিপি চক্রে অস্ট্রেলিয়াও জিম্বাবুয়ে সফর করতে পারে। তবে সেখানে টেস্ট ম্যাচ থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা
আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসির একটি কৌশলগত পর্যালোচনা আইসিসি বোর্ডে উপস্থাপন করা হবে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণের ভবিষ্যৎ কাঠামো নিয়ে এতে সুপারিশ থাকার কথা।
বিশেষ করে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগ্রহ বেশি। ধারণা করা হচ্ছে, আগামী চক্রে ওয়ানডে ম্যাচের সংখ্যা কমতে পারে এবং ২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে ২০৩০ ও ২০৩১ সালে এই সংস্করণের আয়োজন বাড়ানো হতে পারে।
বর্তমানে ২০টি দেশের পুরুষ দলের ওয়ানডে মর্যাদা রয়েছে। এর মধ্যে আটটি দেশ সহযোগী সদস্য। ওয়ানডে বিশ্বকাপের বাণিজ্যিক গুরুত্ব থাকায় দলসংখ্যা কমানোর আশঙ্কা আপাতত খুব বেশি নয়। বরং দলসংখ্যা ৩২-এ উন্নীত করার দাবিও রয়েছে।
আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের জন্য উদ্যোগ
আইসিসির বোর্ড সভায় আফগান শরণার্থী নারী ক্রিকেট দলের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে। দলটির জন্য প্রশিক্ষণ, আন্তর্জাতিক ম্যাচ এবং ২০৩০ সালের সম্ভাব্য যোগ্যতা অর্জনের পথ তৈরি করতে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে।
এ বিষয়ে পরবর্তী কর্মপরিকল্পনা আইসিসি বোর্ডে উপস্থাপন করা হবে।
আইসিসির প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তনের আলোচনা
আইসিসির সংবিধান ও প্রশাসনিক কাঠামো সংস্কার নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সদস্যপদের কাঠামো এক স্তরে নিয়ে আসা এবং বোর্ডে আরও স্বাধীন সদস্য অন্তর্ভুক্তির মতো প্রস্তাব বিবেচনায় রয়েছে।
সব মিলিয়ে আইসিসির আসন্ন বোর্ড সভায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলসংখ্যা, আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচি, ওয়ানডে সংস্কারের পরিকল্পনা এবং প্রশাসনিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
তবে ১২ দলের ডব্লিউটিসি আয়োজনের পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে, নাকি বর্তমান নয় দলের কাঠামোই বহাল থাকবে-সেদিকেই এখন ক্রিকেটবিশ্বের নজর।
ক্রিকইনফো / এফএস